দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে আমন ধান কাটার মৌসুমে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। পাকা ধান কেটে জমিতে শুকাতে দেওয়ার পর গত দুই দিনের বৃষ্টিতে ভিজে গেছে সেই ধান। কোথাও কোথাও জমে থাকা পানিতে ডুবে আছে কাটা ধানের আঁটি। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া এবং উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কা করছেন কৃষকেরা।
রোববার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান কাটার পর অনেক কৃষক জমিতেই স্তূপ করে রেখেছেন। কেউ ধান শুকানোর জন্য ছড়িয়ে দিয়েছেন, কেউ আবার মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই বৃষ্টিতে ভিজে গেছে কাটা ধান। জমিতে পানি জমে থাকায় কোথাও কোথাও ধানের আঁটি পানির নিচে পড়ে আছে।
নাগেশ্বরী উপজেলার কৃষক কাশেম আলী বলেন, অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। পাকা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে। এভাবে জমিতে পড়ে থাকলে ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টির মধ্যেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছি।
একই এলাকার কৃষক রহিম বলেন, দুই বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছিলেন তিনি। কিন্তু দুই দিনের বৃষ্টিতে সব ধান পানিতে ডুবে গেছে। এখন কী করবেন, তা বুঝতে পারছেন না। ধান বাড়িতে নিতে হবে, আবার ভেজা ধান শুকানোরও ব্যবস্থা নেই। ধান নষ্ট হলে সারা বছরের পরিশ্রম বৃথা যাবে।
কৃষকদের মতে, আমন ধান উৎপাদনে জমি প্রস্তুত, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয় করতে হয়। পাকা ধান কাটার সময় এমন বৃষ্টি তাঁদের বাড়তি দুর্ভোগে ফেলেছে। বিশেষ করে যাঁরা ধান কেটে জমিতে রেখেছেন, তাঁদের দুশ্চিন্তা বেশি। কারণ, ভেজা ধান দীর্ঘ সময় জমিতে পড়ে থাকলে গুণগত মান কমে যেতে পারে। এতে সংরক্ষণ ও বিক্রির সময়ও সমস্যায় পড়তে পারেন তাঁরা।
এদিকে ফসল রক্ষায় কৃষকদের দ্রুত কাটা ধান বাড়িতে নেওয়ার পরামর্শ দিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন। তিনি বলেন, জমিতে কাটা ধান ফেলে রাখলে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে নেওয়ার পর ধান মাড়াইয়ের উপযোগী হলে মাড়াই করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলাজুড়ে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। এমন সময়ে বৃষ্টির কারণে মাঠে থাকা কাটা ধান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে।
অন্যদিকে, কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত দুই দিন ধরে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
যে আই